২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানার সঙ্গে কথা বলেছে ডিবি

স্বামীর নির্যাতনে চোখ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের কাছে ঘটনার বর্ণনা শুনেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর নির্যাতনে চোখ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের কাছে ঘটনার বর্ণনা শুনেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকাল ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত তদন্তকারী দল ল্যাবএইড হাসপাতালে রুমানার বক্তব্য গ্রহণ করে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান। গত ৫ জুন স্বামী হাসান সাঈদের নির্যাতনে চোখ ও নাকে মারাত্মক জখম হন রুমানা। কানাডার ভ্যাঙ্কুভারে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছিলেন তিনি। ভারতের চেন্নাইয়ের শঙ্করা নেত্রলয়া এবং পদুচেরির অরবিন্দ চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সোমবার ঢাকায় আনা হয় রুমানাকে। তার দুটি চোখই নষ্ট হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নির্যাতনের ঘটনায় মামলা হয় গত ৬ জুন। গত ১৫ জুন হাসান সাইদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। স্বামী হাসান সাঈদের বিরুদ্ধে স্ত্রী রুমানাকে নির্যাতনের অভিযোগে ধানমণ্ডি থানায় দায়ের করা মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। রুমানা গোয়েন্দা দলকে জানিয়েছেন, এর আগেও স্বামী হাসান তার ওপর নির্যাতন চালিয়েছিলো। রুমানার সঙ্গে কথা বলার পর তার উদ্বৃতি দিয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুমানার ওপর প্রায়ই নির্যাতন চালাতো স্বামী হাসান সাঈদ। গত ২১ মে নির্যাতনের পর তারা বিচ্ছেদের প্রাথমিক সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে বিদেশে অবস্থানরত হাসানের বাবাকে পুরো বিষয়টি জানানো হয়। সন্তানকে এবারের মতো মাফ করে দিয়ে দেশে এসে এ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে রুমানার বাবাকে জানিয়েছিলেন হাসানের বাবা। কিন্তু এর আগেই হাসান স্ত্রীর ওপর এই নির্যাতন চালায়। রুমানা ডিবিকে জানিয়েছেন, নানা কারণে স্ত্রীর প্রতি সন্দেহ প্রবণতা ছিল হাসানের। এজন্য তিনি হীনমন্যতায় ভুগতেন। মাসুদুর রহমান জানান, হাসান এবং রুমানার বাবা পরস্পর বন্ধু ছিল। তাদের বন্ধত্বের সূত্র ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ হয়। দুই পরিবারের মধ্যে আসা যাওয়া, বিভিন্ন স্থানে বেড়ানোর সময় রুমানা এবং হাসানের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। গোয়েন্দা পুলিশের দলটি রুমানার বক্তব্য শোনার পর রুমানার ধানমণ্ডির বাসায় যায়। ওই বাড়ির তিন জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানান মাসুদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এমআই/পিডি/১৮৩৮ ঘ.

এ সম্পর্কিত আরো খবর