২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের পিটুনিতে কিশোর নিহত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভোট গণনার সময় ব্যালটবাক্স ছিনতাইকালে পুলিশের লাঠিপেটায় এক কিশোর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

কুড়িগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভোট গণনার সময় ব্যালটবাক্স ছিনতাইকালে পুলিশের লাঠিপেটায় এক কিশোর নিহত হয়েছে। নিহত বায়েজিদ (১৪) তাঁতিপাড়া নতুন অনন্তপুর গ্রামের নুরুল আলমের ছেলে। মঙ্গলবার রাতে হাতিয়া ইউনিয়নে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে একজন। গুলিবিদ্ধ নাজমুল ইসলামকে (১৭) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, দীঘল হাইল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনা চলাকালে রাত ৮টার দিকে কিছুলোক ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলিবর্ষণ এবং লাঠিপেটা করে। লাঠিপেটায় গুরুতর আহত কিশোর বায়োজিদ এবং গুলিবিদ্ধ নাজমুল ইসলামকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার পর বায়েজিদ মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/০০২৭ ঘ.