২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি: চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

সার ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপি মঙ্গলবার এ সমাবেশের আয়োজন করে। নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। গত ১২ ও ১৩ জুন হরতালে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের 'হামলা-মামলার' প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে। মোরশেদ খান বলেন, "ক্ষমতায় আসার আগে বিনামূল্যে সার দেওয়ার কথা বললেও সরকার এখন সারের দাম বাড়িয়েছে। আসলে তারা কৃষিখাতকে ধ্বংস করতে চায়।" সরকার দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। 'হাসিনা সরকার' দেশকে কারাগারে পরিণত করেছে উল্লেখ করে মোরশেদ খান বলেন, "বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে কোনো কারণ ছাড়াই কারাগারে নির্যাতন করা হচ্ছে।" এদিকে সমাবেশ শুরু হওয়ার পর শ্লোগান দেওয়া এবং মঞ্চের সামনে বসা নিয়ে কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অন্যদের মধ্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম সমাবেশে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/জেকে/২২২১ ঘ.