২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর চ্যানেলে চালবাহী জাহাজের ইঞ্জিন বিকল

চট্টগ্রাম বন্দর চ্যানেলে মঙ্গলবার চালবাহী একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে মঙ্গলবার চালবাহী একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এসময় জাহাজটির সঙ্গে তিনটি লাইটারেজ জাহাজের মৃদু ধাক্কা লাগলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বেলা তিনটার দিকে বন্দর চ্যানেলের গুপ্তা ব্যান্ডের কাছে থাইল্যান্ড থেকে আসা 'এমভি গোল্ডেন লাইট' নামের জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এটি পণ্য খালাসের জন্য বন্দর জেটির দিকে যাচ্ছিল। চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গেলেও এটিকে বন্দরের টাগবোটের সাহায্যে বহির্নোঙ্গরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ফলে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই বলে তিনি জানান। জাহাজটির সঙ্গে তিনটি লাইটারেজ জাহাজের মৃদু ধাক্কা লাগলেও কোনো ক্ষতি হয়নি বলে জানালেন ক্যাপ্টেন নাজমুল। এমভি গোল্ডেন লাইট ১৪ হাজার টন সরকারি চাল নিয়ে থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গত শনিবার আসে। বহির্নোঙ্গরে ইঞ্জিন সারানোর পর জাহাজটিকে পুনরায় চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৫ ঘ.