২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মনজুরের আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি হলো

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর করা নির্বাচনী মামলা খারিজের বিরুদ্ধে বর্তমান মেয়র মনজুর আলমের আপিল আবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানি সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর করা নির্বাচনী মামলা খারিজের বিরুদ্ধে বর্তমান মেয়র মনজুর আলমের আপিল আবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ বিকাশ শর্মা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এ এইচ হুমায়ুন কবীরের সমন্বয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের যৌথ বেঞ্চে এ শুনানি হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আইনজীবীরা শুনানিতে অংশ নেন। প্রায় নয় মাস আগে সাবেক মেয়রের দায়ের করা মামলা সরাসরি খারিজের আবেদন করেন মনজুর আলম। গত বছরের ২০ অক্টোবর তৎকালীন প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক সরাসরি মামলা খারিজের আবেদন নাকচ করে দেন। এ আদেশ চ্যালেঞ্জ করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে মনজুর আলম পুনরায় আপিল করেন। এতদিন ট্রাইব্যুনালের বিচারক না থাকায় এর গ্রহণযোগ্যতার ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে নি। মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে বর্তমান মেয়রের করা মামলা খারিজের আপিলের গ্রহণযোগ্যতার শুনানি হয়েছে। ট্রাইব্যুনাল কয়েকদিনের মধ্যে গ্রহণযোগ্যতার বিষয়ে তাদের মতামত দেবে। আইনজীবী সাইমুল জানান, নির্বাচনী আইনে মামলা খারিজের ওপর পুনরায় আপিলের গ্রহণযোগ্যতার শুনানি তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এতে করে তার মক্কেল মহিউদ্দিন চৌধুরী ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তিনি দাবি করেন। মনজুর আলমের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ মির্জা ও অ্যাডভোকেট কবীর চৌধুরী। সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে বিজয়ী প্রার্থী এম মনজুর আলমকে অবৈধ ঘোষণা ও নির্বাচন বাতিল বা নিজেকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়ে গত বছরের ১৮ জুলাই নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়ের করা মামলায় এম মনজুর আলমের মালিকানাধীন একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ১৭ লাখ ২৩ হাজার ৫শ' টাকা জরিমানা আদায়ের বিষয়টি হলফনামায় উল্লেখ না করা, নির্বাচনী বিধিমালা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন এম মনজুর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০০৯ঘ.