২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থানা এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওই দুই থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থানা এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওই দুই থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার পাহাড় রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা এবং পাহাড় কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। একটি রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ নির্দেশ দেয়। আগামী তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, টেকনাফ ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সেইসঙ্গে পাহাড় কেটে বাড়ি নির্মাণ বন্ধে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাসের জন্য এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়। গত ২০ জুন দৈনিক প্রথম আলোতে 'ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাড়ি নির্মাণ' শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। এর ভিত্তিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী সকালে রিট আবেদনটি করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আদালত তিন মাসের জন্য অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তবে এরপর আমরা সময় বৃদ্ধির আবেদন করবো। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, দেশের প্রচলিত আইনে পাহাড় কাটা নিষিদ্ধ। পাহাড় কাটার ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। এটা সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুসারে বেঁচে থাকার মৌলিক অধিকারের সঙ্গে সম্পৃক্ত। পাহাড় কাটা বন্ধ না হলে কেবল পরিবেশের বিপর্যয়ই হচ্ছে না, বরং অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়ের মাটি ধসে প্রতিবছর শত শত মানুষের মৃত্যু হয়। এই দুর্ঘটনা প্রতিরোধ করতে পাহাড় কাটা বন্ধ হওয়া প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এইচএ/১৮৩৩ ঘ.