ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের দেশে-বিদেশে চিকিৎসার জন্য চলতি অর্থবছরে ১ কোটি ৫১ লাখ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চিকিৎসা সাহায্য তহবিল থেকে ১৮৭ জনকে এ চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
এতে বলা হয়, বোর্ডের চিকিৎসা সাহায্য তহবিল ব্যবস্থাপনা কমিটির এক সভায় মঙ্গলবার এ সহায়তার মঞ্জুরি দেওয়া হয়।
চিকিৎসা সাহায্য তহবিল থেকে চিকিৎসার জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এ সহায়তা একবারে অথবা একাধিকবার নেওয়ার সুযোগ রয়েছে। এজন্য দপ্তর প্রধানের সিল ও স্বাক্ষরসহ চিকিৎসার মূল কাগজপত্র দিয়ে আবেদন করতে হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন সচিব ইকবাল মাহমুদ।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এমএএন ছিদ্দিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আমির হোসেন, কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আলী মোস্তফা চৌধুরী ও অর্থ বিভাগের যুগ্ম-সচিব শাহাবুদ্দিন আহামদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরআরডি/আরএ/১৬৪০ ঘ.
bdnews24