ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহৃত পাঁচ বাংলাদেশি শ্রমিক ভালো ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আবদুল রহিম ওরাজ। তাদের উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত মঙ্গলবার সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করে এ কথা জানান।
চলতি বছরের প্রথম দিকে আফগানিস্তানে কর্মরত বাংলাদেশের সাতজন কর্মী অপহৃত হন। এদের দুজনকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্্রদূতের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, "অন্যদের উদ্ধারে চেষ্টা চলছে। আফগান সরকার অপহৃত বাংলাদেশির নিয়মিত খোঁজ-খবর নিচ্ছে।"
চেষ্টা চললেও কতদিনের মধ্যে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হবে, সে বিষয়ে রাষ্ট্রদূত নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
বাংলাদেশ থেকে নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিতে আফগান রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে দেখা করেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, আফগান সরকার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের নির্মাণ কাজ শুরু করেছে। সেখানে বাংলাদেশ থেকে ব্যাপক সংখ্যক দক্ষ কর্মী নিতে চায় আফগান সরকার।
আফগানিস্তানে কর্মরত শ্রমিকদের সব রকমের নিরাপত্তা দেওয়ার আশ্বাস মিলেছে বলে জানান তিনি।
জনশক্তি নেওয়ার আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে বলেছে মন্ত্রণালয়।
মোশাররফ বলেন, "তাদের প্রস্তাব পেলে আমরা আমাদের প্রতিনিধি দল পাঠিয়ে সম্ভাব্যতা পরীক্ষা করে দেখবো। কোনো রকম নিরাপত্তা ঝুঁকি থাকলে কর্মী পাঠানো হবে না।"
ইরাকে কর্মী পাঠানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, "ইরাক ও আফগানিস্তানের সব জায়গায় যুদ্ধ চলছে না বা ঝুঁকি নেই। এজন্য আমাদের পাঠানো টিমের প্রতিবেদনের ওপর কর্মী পাঠানো নির্ভর করবে।"
মালয়েশিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রবাসী মন্ত্রী বলেন, ঢাকা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) একটি প্রতিনিধি দল ১ লাখ হাতে লেখা পাসপোর্ট নিয়ে যাবে। আপাতত মালয়েশিয়ায় বাংলাদেশি তিন লাখ কর্মীর বৈধতার জন্য হাতে লেখা পাসপোর্ট দেওয়া হচ্ছে। এরপর তাদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হবে।
নারী গৃহকর্মী নিতে সৌদি আরবের আগ্রহের কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশটিতে নারী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে যাওয়ার আগে ইন্স্যুরেন্স চালুর বিষয়ে আলোচনা হচ্ছে।
মন্ত্রণালয়ের হিসেবে সৌদিতে বর্তমানে প্রায় ২২ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছে।
অভিবাসন ব্যয় হ্রাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। জনশক্তি রপ্তানিকারকদের প্রস্তাব নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।
প্রস্তাবিত অভিবাসন ব্যয়ে বায়রার পক্ষ থেকে বৈদেশিক বিপণন ও লিয়াজোঁ অফিসের নামে শ্রমিক প্রতি ১৫ হাজার ও আপ্যায়ন ব্যয় ৮ হাজারসহ নানাভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রস্তাব গ্রহণ করা হয়নি।
"এটি আরো পর্যালোচনা করে অভিবাসন ব্যয় নির্ধারণে মন্ত্রণালয়ের সচিবের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগির সবার কাছে গ্রহণযোগ্য অভিবাসন ব্যয় নির্ধারণ করবে সরকার", বলেন মন্ত্রী।
জনশক্তি রপ্তানি বৃদ্ধির কথা জানিয়ে তিনি বলেন, গত মার্চ মাসে ৪২ হাজার, এপ্রিল মাসে ৪৪ হাজার এবং মে মাসে ৪৭ হাজার শ্রমিক বিভিন্ন দেশে গেছেন। এ মাসেও প্রায় ৪০ হাজার কর্মী পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩০ ঘ.
bdnews24