২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় বাধ নির্মাণে ইইউ'র সহায়তা কামনা

বাংলাদেশের দীর্ঘদিনের পুরোনো উপকূলীয় বাঁধ মেরামত, সংস্কার এবং নতুন বাঁধ নির্মাণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের দীর্ঘদিনের পুরোনো উপকূলীয় বাঁধ মেরামত, সংস্কার এবং নতুন বাঁধ নির্মাণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী নিয়েবেল দির্ক এবং ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক কমিশনার পাইবেলস আন্দ্রিস'র সঙ্গে বৈঠকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ সহযোগিতা চান। জার্মান মন্ত্রী নিয়েবেল দির্ক ও ইইউ'র কমিশনার পাইবেলস আন্দ্রিস'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে বৈঠক করেন। পরে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে জার্মানি ও ইইউ'র সঙ্গে বাংলাদেশ একসাথে কাজ করছে। ইতোমধ্যে ইইউ এ কাজের জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ক্ষমতায়ন তহবিল (বিসিসিআরএফ)-এ ৮৫ লাখ ইউরো দিয়েছে। তারা আরো দুই কোটি ইউরো দেবে বাংলাদেশকে। এজন্য প্রক্রিয়া চলছে। বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর (ডিওই) এবং বন বিভাগের দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নে তাদের সহায়তা চাওয়া হয়েছে। তারা এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছে বাংলাদেশকে। তিনি বলেন, আমরা সুন্দরবনের কার্বন সংরক্ষণের ক্ষমতা সমীক্ষা এবং শিল্প বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপণের কার্যক্রম হাতে নিয়েছি। ঢাকার চারপাশের নদী রক্ষায় প্রকল্প নেওয়া হলেও চট্টগ্রামের কর্ণফুলী নদীর জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি। এসব ক্ষেত্রে সহায়তা দেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬০৪ ঘ.