ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরকে হত্যা চেষ্টার মামলায় তার স্বামী হাসান সাইদকে তৃতীয় দফায় আবার দুই দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী তাকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান দুই দিনের হেফাজত মঞ্জুর করেন। এর আগে সাইদকে দুই দফায় তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা।
গত ৫ জুন স্বামী সাইদের নির্যাতনে চোখ ও নাকে মারাত্মক জখম হন রুমানা। নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার ১০ দিনের মাথায় গত ১৫ জুন সাইদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ঘটনার পরদিন রুমানার বাবা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় হাসান সাইদকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন।
ভারতে চিকিৎসা নেওয়ার পর সোমবার রাতে ঢাকায় আনা হয় রুমানাকে। তার কপাল-ঠোঁট-মুখের ক্ষতের চিকিৎসা ল্যাবএইড হাসপাতালে চলবে।
চিকিৎসকরা বলেছেন, রুমানার দুটি চোখই নষ্ট হয়ে গেছে। একমাত্র অলৌকিকভাবেই এগুলো ঠিক হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫৪০ ঘ.
bdnews24