২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বিচারপতিদের আইন পেশায় থাকার বাধা কাটলো

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বা অপসারিত বিচারপতিদের আইন পেশায় থাকার বাধা দূর করেছে আপিল বিভাগ। সেই সঙ্গে তারা বিচারিক বা আধা বিচারিক পদেও দায়িত্ব পালন করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বা অপসারিত বিচারপতিদের আইন পেশায় থাকার বাধা দূর করেছে আপিল বিভাগ। সেই সঙ্গে তারা বিচারিক বা আধা বিচারিক পদেও দায়িত্ব পালন করতে পারবেন। পঞ্চম সংশোধনী সংক্রান্ত মামলায় রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের পর রাষ্ট্রপক্ষের আবেদনে মঙ্গলবার প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ রায়ে এ বিষয়টির মীমাংসা করে। পঞ্চম সংশোধনী মামলার রায়ে সুুপ্রিম কোর্টের বিচারকদের অবসর বা অপসারণের পর আইন পেশা এবং বিচারিক বা আধা বিচারিক পদে দায়িত্ব পালনের বিধান বাতিল করা হয়। ১৯৭২ সালের আদি সংবিধানে সুুপ্রিম কোর্টের বিচারকদের অবসর বা অপসারণের পর আইন পেশা এবং বিচারিক বা আধা বিচারিক পদে দায়িত্ব পালনের বিধান না থাকলেও পঞ্চম সংশোধনীতে এসে তা যুক্ত হয়। সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করলে রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের পর বিচারকদের বিচারিক ও আধা বিচারিক পদে দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন দেখা দেয়। রোববার আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চে বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে বিচার চলাকালে একটি মামলা শুনানি করতে যান হাইকোর্টের সাবেক বিচারপতি এবং বর্তমানে আপিল বিভাগে আইন পেশায় নিয়োজিত সৈয়দ আমিরুল ইসলাম। এ সময় আদালত বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে উল্লেখ করে মামলাটির শুনানি স্থগিত করে দেয়। এ অবস্থায় সৃষ্ট জটিলতা নিরসনে ও আইনের ধারাবাহিকতা রক্ষায় সোমবার রাষ্ট্রপক্ষ একটি আবেদন করে। মঙ্গলবার রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবদিকদের বলেন, সামরিক আইন প্রবিধান এবং আদেশ-২ অনুসারে সংবিধানে সংযোজিত অনুচ্ছেদগুলোকে পঞ্চম সংশোধনীর রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট কিছু সংশোধনী সাপেক্ষে ওই রায় বহাল রাখে। "গত ১১ মের আদেশে সুপ্রিম কোর্ট সংবিধানের অনুচ্ছেদ ৬, ৪৪, ৯৬ এবং ১০২(১) অনুচ্ছেদকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর বা সংসদে সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত মার্জনা করা হয়।" "আজকের রায়ের মাধ্যমে ৯৯ অনুচ্ছেদকেও মার্জনা করা হলো। এর মাধ্যমে হাইকোর্টের যে সব সাবেক বিচারপতি আপিল বিভাগে আইন পেশায় নিয়োজিত আছেন, তাদের কাজ চালিয়ে যেতে আইনগত বাধা নেই", বলেন মাহবুবে আলম। সেই সঙ্গে বিচারিক ও আধা বিচারিক পদে দায়িত্বরত সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিদের কাজে আইনগত সমস্যারও অবসান ঘটলো বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের অ্যাটর্নি জেনারেল বলেন, "আমি জেনেছি, প্রস্তাবিত সংশোধনীতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিদের বিচারিক ও আধা বিচারিক পদে দায়িত্ব পালন এবং হাইকোর্টের সাবেক বিচারপতিদের আপিল বিভাগে আইন পেশায় নিয়োজিত থাকার সুযোগ রাখা হচ্ছে।" হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতিদের মধ্যে বর্তমানে একে বদরুল হক, শিকদার মকবুল হক, মোজাম্মেল হক, আওলাদ আলী আপিল বিভাগে আইনজীবী হিসাবে কর্মরত আছেন। এছাড়া সুপ্রিম কোর্ট থেকে বিদায় নেওয়ার পর অনেক বিচারপতি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, শ্রম ট্রাইব্যুনাল, বাংলাদেশ প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। ২০১০ সালের ২ ফেব্র"য়ারি আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ হাইকোর্টের রায় বহাল রাখে। ওই রায়ের আলোকে গত ১০ ফেব্র"য়ারি সংবিধান পুনর্মুদ্রণ করা হয়। সরকার পরে আপিল বিভাগের রায়ের কিছু অংশ প্রত্যাহারের আবেদন করলে সুপ্রিম কোর্ট ১১ মে সেই আবেদনের রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪৪০ ঘ.