২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজারবাগে 'বন্দুকযুদ্ধে' আহত ১

রাজধানীর রাজারবাগে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে এক জন। এক সন্ত্রাসীকে গ্রেপ্তারও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 05:45 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজারবাগে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে এক জন। এক সন্ত্রাসীকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার প্রথম প্রহরে রাজারবাগ টেলিকম অডিটরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। পায়ে গুলিবিদ্ধ তানভীর ইসলাম সজীবকে (২০) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি গুলি সজীবের ডান হাঁটুর নিচের অংশে লেগেছে বলে পুলিশ জানায়। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফৌজিয়া খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করছিলো পুলিশ। একটি মটর সাইকেলের তিন আরোহীকে থামতে বলা হলে তারা তা না করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। "তখন পুলিশও পাল্টা গুলি ছুড়লে সজীব গুলিবিদ্ধ হয় এবং মটর সাইকেলসহ পড়ে যায়। পরে জনতা ধাওয়া করে নুরু (২৬) নামে আরেক যুবককে শাহজাহানপুর থেকে আটক করে", বলেন তিনি। পুলিশ সজীব ও নূরুকে গ্রেপ্তার করেছে। তাদের দুজনের কাছে গুলিভর্তি দুটি রিভলবার পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ফৌজিয়া। তিনি বলেন, ঘটনাটি পল্টন থানা এলাকায় হলেও নুরু মতিঝিল থানা এলাকায় ধরা পড়ায় তাকে একটি অস্ত্রসহ মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদ হোসেন বাদি হয়ে এ বিষয়ে একটি মামলা করেছেন বলে ফৌজিয়া জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এমআই/১১৩৫ ঘ.