২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানগরে ভোটের পর সংঘাত, আহত ৩৫

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, সাতবাড়িয়া ও দুলাই ইউনিয়নে নির্বাচনের পরে সহিংসতায় ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 05:08 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

পাবনা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, সাতবাড়িয়া ও দুলাই ইউনিয়নে নির্বাচনের পরে সহিংসতায় ৩৫ জন আহত হয়েছে। সোমবার ভোটের পর রাতে তিনটি স্থানে সংঘাত হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। সুজানগর থানার ওসি আহসানুল হক সাংবাদিকদের জানান, রাত ১১টার দিকে নাজিরগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দুই পরাজিত সদস্যপ্রার্থী নবাব আলী মণ্ডল ও আব্দুল বারেক বাবলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। অন্যদিকে রাত ১০টার দিকে সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে পরাজিত সদস্যপ্রার্থী রফিক মণ্ডলের সমর্থকদের হামলায় পরাজিত অন্য এক প্রার্থীর ১০ সমর্থক আহত হয় বলে ওসি জানান। দুলাই ইউনিয়নে সংঘর্ষে আহত হয় ১০ জন। এর মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাঁতীবন্দ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান বিএনপির আব্দুর রঊফ এবং পরাজিত আওয়ামী লীগের মতিন মৃধার সমর্থকরা রাতভর সশস্ত্র মহড়া দেয় বলে স্থানীয়রা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.