সাতক্ষীরা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেদখল হওয়া চিংড়ি ঘের উদ্ধার ও মালিকের নিরাপত্তা দাবি করেছেন সাতক্ষীরার এক ঘের মালিক।
সোমবার দুপুরে দেবহাটা উপজেলার দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকর স্বর্ণকার সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া ১০০ বিঘা জমিতে তিনি ও তার সহোদর ভাই রমেশ চন্দ্র স্বর্ণকার দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।
২০০৯ সালের ২০ ডিসেম্বর রাতে এলাকার সন্ত্রাসী আকরাম হোসেন, রুহুল আমিন, জিয়াদ আলী, শহিদুল ইসলাম, আব্দুল গফুর ও হোসেন আলীসহ সঙ্গীরা তাদের এই চিংড়ি ঘেরে বোমাবাজি ও মাছ লুটপাট করে ঘেরটি দখল করে নেয়। এতে ৭/৮ লক্ষ টাকার মাছ ও ঘেরের বিভিন্ন মালামাল নষ্ট হয়।
এ ঘটনায় ওই সময় দেবহাটা থানায় ওই দখলদারদের বিরুদ্ধে ছয়টি মামলা করেন তারা।
সম্মেলনে অরো বলা হয়, পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের প্রচেষ্টায় খুলনা র্যাব-৬ ও পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসীদের ওই চিংড়ি ঘের থেকে উচ্ছেদ করা হলে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি তারা চিংড়ি ঘেরের দখল পান।
কিন্তু ওই সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় চলতি বছরের ১৪ জুন আবারো চিংড়ি ঘেরটি দখল এবং তাতে লুটপাট করে। এরপর খবর পেয়ে পুলিশ এলে তারা চলে যায়। কিন্তু পুলিশ যাওয়ার পর আবারো ঘেরের দখল নেয়।
বর্তমানে সন্ত্রাসীদের হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে দেবহাটা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিংড়ি ঘেরটি এখন প্রকৃত মালিকের (স্বর্ণকার পরিবার) আছে। তারা ভয় থেকে এই সংবাদ সম্মেলন করেছেন। তবে আগামী কাল (মঙ্গলবার) তিনি আবার ওখানে যাবেন বলে জানিয়েছেন।
ওসি আরো বলেন, গত বুধবার (১৫ জুন) রমেশ স্বর্ণকার বাদী হয়ে ৭/৮ জনের না উল্লেখসহ আরো ৭/৮ জনকে আসামি করে দেবহাটা থানায় আরেকটি মামলা করেছেন। ওইদিনই পুলিশ সেখানে যায়। কিন্তু সন্ত্রাসীদের পাননি ঘের এলাকায়।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৪ ঘ.
bdnews24