২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইনজীবী সমিতি বিচার অঙ্গনের ধ্বংস ডেকে আনছে'

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিচার বিভাগকে সমর্থন দেওয়ার পরিবর্তে বিচার অঙ্গনের ধ্বংস ডেকে আনছে বলে মন্তব্য করেছেন এক সাবেক প্রধান বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিচার বিভাগকে সমর্থন দেওয়ার পরিবর্তে বিচার অঙ্গনের ধ্বংস ডেকে আনছে বলে মন্তব্য করেছেন এক সাবেক প্রধান বিচারপতি। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় বলেন, সুপ্রিম কোর্ট বারের প্রধান কাজ বিচার বিভাগকে সাপোর্ট দেওয়া। কিন্তু আজ তারা সেখান থেকে বহু দূরে সরে গেছে। তারা বিচার ব্যবস্থা সম্পর্কে এমন সব কথা বলছেন যা বিচার অঙ্গনের ধ্বংসের কারণ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ছয়বার নির্বাচিত সাবেক সভাপতি শামসুল হক চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। শামসুল হক চৌধুরী স্বাবেক স্বৈরশাসক এইচএম এরশাদের আমলে ছয়বার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। শামসুল হক চৌধুরী থাকলে এরকম হতো না মন্তব্য করে সাবেক এ প্রধান বিচারপতি বলেন, বিচারকদের বিরুদ্ধে বারের কোনো কোনো অভিযোগ কিছুটা সত্য হলেও হতে পারে। তবে তা যেভাবে বলছেন তাতে বিচার বিভাগের ধ্বংস ডেকে আনছেন। এটা থেকে বেরিয়ে আসতে হবে। "সর্বশেষ প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়েছেন, এই মর্মে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত ছিলো বারের। কিন্তু বার তা করেনি।" সাবেক এই প্রধান বিচারপতি বলেন, স্ত্রী দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ায় ওই বিচারপতি টাকাটি নিয়েছেন। এটি আইনত বৈধ। রাজনীতিবিদদের মধ্যে বিভক্তির কারণে ১/১১ এসেছে উল্লেখ করে মাহমুদুল বলেন, আমরা আর কোনো স্বৈরশাসককে দেখাতে চাই না। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, শামসুল হক চৌধুরী ভাগ্যবান। তিনি যখন বারের নেতৃত্বে ছিলেন, তখন রাজনৈতিক অঙ্গনেও আওয়ামী লীগ, বিএনপি জামায়াত ঐক্যবদ্ধ ছিল। এখন সেই পরিস্থিতি নেই। সভাপতির বক্তব্যে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও শামসুল হক চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল বাসেত মজুমদার বলেন, "দিনে দিনে আইনজীবীদের ঐক্যের পরিবর্তে অনৈক্যই বাড়ছে।" দোয়া ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দৈনিক সকালের খবরের ডেপুটি এডিটর কাজী আব্দুল হান্নান, শম রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৩৫ ঘ.