চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানার ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে ১৩ টি দোকানকে মোট ৭১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জোবায়ের আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
যৌথ অভিযান দলে র্যাব-৭ এর একটি দল অংশ নেয়।
র্যাব-৭ এর এএসপি (স্টাফ অফিসার) এন এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওজনে কম দেওয়া, ওষুধের মূল্য ও উৎপাদন তারিখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।
বাটখারাও ওজন সঠিক না হওয়া ও ওজনে কম দেওয়ায় ঝাউতলা বাজারের মাছ ব্যবসায়ী জাকির হোসেনকে তিন হাজার টাকা, আকরাম হোসেনকে পাঁচ হাজার টাকা, তাজ মোহাম্মদকে পাঁচ হাজার টাকা, আব্দুল মান্নানকে তিন হাজার টাকা, মো. রাজুকে পাঁচ হাজার টাকা, আব্দুস সামাদকে দুই হাজার টাকা এবং নাজিম উদ্দিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মুদি দোকানদার জাহাঙ্গীরকে তিন হাজার টাকা, আল আমিন ঘোসারীকে তিন হাজার টাকা, মাংস ব্যবসায়ী রিপনকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
ওষুধের মোড়কে মূল্য ও উৎপাদন তারিখ না থাকায় সাকিব ফার্মেসীর মালিক চান মিয়াকে ১০ হাজার টাকা ও মনজুল মেডিক্যাল হলের মালিক নুরুল হুদাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে আবু হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টের মালিক মো. আবু মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২০৩৪ ঘ.
bdnews24