২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণে আইনের খসড়া তৈরি

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের লক্ষ্যে কারাদণ্ড ও জরিমানা এবং ২১ ধরনের ব্যবসা নিষিদ্ধের প্রস্তাব রেখে একটি আইনের খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের লক্ষ্যে কারাদণ্ড ও জরিমানা এবং ২১ ধরনের ব্যবসা নিষিদ্ধের প্রস্তাব রেখে একটি আইনের খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মতামত নেওয়ার জন্য ‘ডাইরেক্ট সেল (এমএলএম) আইন-২০১১’ এর খসড়াটি শিগগিরই ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির একজন কর্মকর্তা। এ ধরনের প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদে পড়ে বহু মানুষ নিঃস্ব হয়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ সংক্রান্ত আইনের খসড়া তৈরির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজাকে প্রধান করে গত মার্চ মাসে গঠন করা হয় ১৭ সদস্যের এই কমিটি। সোমবার কমিটির এক সভার পর কমিটির সদস্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব ও পরিচালক (বাণিজ্য সংগঠন) নাজমুল আহসান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়েবসাইটে ১৫ দিন মতামত নিয়ে তা পর্যালোচনার পর প্রয়োজনে খসড়ায় সংযোজন-বিয়োজন করা হবে। আগামী অগাস্টের মধ্যে খসড়া চূড়ান্ত করা যাবে বলে আশা করছি।” প্রয়োজনীয় আইন ও নিয়ন্ত্রক সংস্থার অভাবে স¤প্রতি দেশে বেশ কিছু এমএলএম বা ডাইরেক্ট সেল প্রতিষ্ঠান গজিয়ে ওঠে। নানা ধরনের ব্যবসার নামে উচ্চ হারে মুনাফার লোভ দেখিয়ে এসব প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করে। পরে অনেক ক্ষেত্রেই এসব প্রতিষ্ঠানের কর্মীরা লাপাত্তা হয়ে যাওয়ায় ব্যবসার নামে প্রতারণার বিষয়টি সবার নজরে আসে। গত বছরের শেষ দিকে ইউনিপেটুইউ নামের একটি এমএলএম প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এভাবে প্রতারণার অভিযোগ ওঠে। ওই প্রতিষ্ঠনে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে সরকারের কাছে প্রতিকার চাইলে অর্থমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ব্যাংক উদ্যোগী হয়। গত ৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে বলা হয়, এমএলএম ব্যবসায় কিছু প্রতিষ্ঠান বিদেশে সোনার বাজার কিংবা মুদ্রা বাজারে বিনিয়োগের নামে মাসে ১০ শতাংশেরও বেশি মুনাফার আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ সংগ্রহ করছে। ওই সময় দুর্নীতি দমন কমিশন কিছু এমএলএম প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে এবং বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করে। জনগণকে প্রতারিত করায় ইউনিপেটুইউর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী। এই প্রতারণা বন্ধে এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণের জন্য যুগ্ম সচিব পদমর্যাদার কাউকে প্রধান করে একটি পরিদপ্তর প্রতিষ্ঠার কথা বলা হয়েছে প্রস্তাবিত ডাইরেক্ট সেল (এমএলএম) আইনের খসড়ায়। এ পরিদপ্তর এমএলএম ব্যবসার নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা পালন করবে। খসড়ায় বলা হয়েছে, লাইসেন্স ও নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান এমএলএম প্রতিষ্ঠান চালাতে পারবে না। বস্তুগত নয়- এমন পণ্য, স্থাবর সম্পত্তি যেমন-গাছ গাছালি বা জমির ব্যবসা এবং লটারিসহ ২১ ধরনের ব্যবসাও তারা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আইনের এ খসড়ায় বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ডের বিধান রেখে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব ধারার অপরাধই জামিন অযোগ্য বলে বিবেচিত হবে। প্রথম শ্রেণীর বা মেট্রোপলিটন হাকিম এ আইনের আওতায় অপরাধের বিচার করতে পারবেন। গত ৬ মার্চ বাণিজ্য মন্ত্রী ফারুক খান সংসদে জানান, দেশে নিবন্ধিত এমএলএম প্রতিষ্ঠানের সংখ্যা ৬২। এর মধ্যে ডেসটিনি-২০০০ এর গ্রাহক সংখ্যাই প্রায় ৪৫ লাখ। অন্য প্রতিষ্ঠানগুলোর প্রকৃত গ্রাহক সংখ্যা কতো সে তথ্য সরকারের কাছে নেই। এমএলএম প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে নিবন্ধিত। তবে এসব প্রতিষ্ঠান বছরে কতো টাকার ব্যবসা করছে তারও কোন তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০১৪ ঘ.