২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

নগরীর দক্ষিণ বাকলিয়া এলাকার কবির সওদাগর খাল ও মীর্জ খালের জমিতে স্থাপিত ২০টি অবৈধ ঘর ও দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দক্ষিণ বাকলিয়া এলাকার কবির সওদাগর খাল ও মীর্জ খালের জমিতে স্থাপিত ২০টি অবৈধ ঘর ও দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সিসিসি'র ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ আবদুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও র‌্যাব-৭ এর একটি দল সহায়তা করে। সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বৌ বাজার এলাকায় কবির সওদাগর খাল ও মীর্জা খালের উভয় পাড় অবৈধভাবে দখল করে তৈরি করা মোট ২০টি বসত ঘর, চা দোকান, মুদি দোকান ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া বিকালে ভ্রাম্যমাণ আদালত নগরীর কালুরঘাট ও ষোলশহর এলাকার প্রধান সড়কে অভিযান চালিয়ে কালুরঘাট এলাকার ছয় বালি বিক্রেতাকে পাঁচশ' টাকা করে জরিমানা ও দুই ট্রাক বালি জব্ধ করে। প্রধান সড়কের উপর বালি রেখে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করায় তাদের এ জরিমানা করা হয়। এরপর ষোলশহর দুই নম্বর গেইট এলাকা থেকে জিইসি মোড় পর্যন্ত রাস্তার পাশে স্থাপিত কয়েকটি ভ্রাম্যমাণ খাবার দোকানও উচ্ছেদ করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০০৪ ঘ.