২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যার সম্পূরক অভিযোগপত্রে বাবর-হান্নান

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় লুৎফুজ্জামান বাবর ও মুফতি হান্নানসহ নতুন ১৪ জনের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

হবিগঞ্জ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মুফতি হান্নানসহ নতুন ১৪ জনের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার অধিকতর তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সোমবার সকালে সাড়ে ১০টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের আদালতে এই অভিযোগপত্র জমা দেন। আগামী ২৪ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইবুন্যাল আদালতে এ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। এ মামলার পুরনো অভিযোগপত্রের ১০ আসামির নাম সম্পূরক অভিযোগপত্রে রাখা হলেও তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ ৫ জন নিহত হন। কিবরিয়া ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ওই ঘটনার পরদিন তখনকার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খান হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটির কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। ২০০৫ সালের ১০ মার্চ ১০ জনকে আসামি করে হত্যা মামলায় অভিযোগপত্র দেন সিআইডির তখনকার সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান। বাদীর আবেদনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হাইকোর্ট মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে। ২১ অগাস্টের গ্রেনেড হামলা ও চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তেও বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নাম এসেছে। ১৫ পৃষ্ঠার সম্পূরক অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, মুফতি হান্নান ধরা পড়ার কিছুদিন পর মাওলানা মো. তাজ উদ্দিন ডিজিএফআইয়ের হাতে আটক হয়। তখন বাবর ভুয়া নাম দিয়ে তাজ উদ্দিনকে দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করেন। অভিযোগপত্রে লুৎফুজ্জামান বাবরকে ৭ নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জান্দাল মাসুম বিল্লাহ, মুফতি আব্দুল হান্নান মুন্সী ওরফে আবুল কালাম ওরফে আব্দুল মান্নান, মুহিব উল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ সাহেদুল আলম বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ লিমু, মো. বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিজান মিটু, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মো. আব্দুল মাজেদ ভাট, মাওলানা মো. তাজ উদ্দিন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, মোহাম্মদ আলী এবং বদরুল মো. আব্দুল বারীক। পুরনো অভিযোগপত্রের ১০ আসামি হলেন- তখনকার শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ূম, যুবদল নেতা জয়নাল আবেদীন জালাল, জমির আলী, তাজুল ইসলাম, জয়নাল আবেদীন মুমিন, সাহেদ আলী, সেলিম আহমেদ, আয়াত আলী, মুহিবুর রহমান ও কাজল মিয়া। এদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, মুন্সী আতিকুর রহমান যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। শুধুমাত্র আইনি বাধ্যবাধকতার কারণে তাদেরকেও অধিকতর তদন্তে অভিযুক্ত ১৪ জনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হলো। গত ২৫ মে দাখিলের প্রস্তুতি নিয়েও মুদ্রণজনিত ত্র"টির কথা উল্লেখ করে ওইদিন সম্পূরক অভিযোগপত্র দাখিল করেননি সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/এইচএ/১৭৫৭ ঘ.