২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় ২৯০ শ্রমিক বরখাস্ত

ঢাকার সাভারে আশুলিয়ার জামগড়া এলাকায় আয়শা কমপ্লেক্স নামের একটি তৈরি পোশাক কারখানার ২৯০ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

সাভার, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে আশুলিয়ার জামগড়া এলাকায় আয়শা কমপ্লেক্স নামের একটি তৈরি পোশাক কারখানার ২৯০ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরখাস্ত শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পলমল গ্র"পের এই কারখানার এক কর্মকর্তাকে মারধরসহ বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলমল গ্র"পের মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়শা কমপ্লেক্সের চারটি ফ্লোরে ৩৩শ' শ্রমিক রয়েছে। বেশ কিছুদিন ধরে কিছু শ্রমিক নানা দাবি দাওয়ার কথা বলে অসন্তোষ সৃষ্টির পায়তারা করে আসছিল। একপর্যায়ে শনিবার দুপুরে কিছু শ্রমিক বাৎসরিক বোনাসের দাবি তুলে কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। পরে তারা কারখানার চতুর্থ তলার ব্যবস্থাপক (উৎপাদন) আশরাফুল ইসলামকে মারধর করে। ওই দিন বিকালে কারখানা ছুটি হলে শ্রমিকরা চলে যায়। তিনি আরো জানান, রাতে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কারখানার ভিতরে বিশৃঙ্খলাসহ শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ২৯০ জন শ্রমিককে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রোববার তাদের বরখাস্ত করা হয়। এবং বিজিএমইএ-এর কর্মকর্তাদের উপস্থিতিতে ৪ মাসের অগ্রিম বেতনসহ বিজিএমইএ-এর নিয়ম অনুযায়ী সকল পাওনাদি পরিশোধ করা হয়েছে। এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক বরখাস্তের ঘটনায় বিশৃঙ্খলা হতে পারে আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন ছিল। তবে একসাথে অনেক টাকা পেয়ে বরখাস্ত হওয়া শ্রমিকরা খুশি মনে বাড়ি চলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০২ ঘ.