ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা ৩ জুলাইয়ের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই।
কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে আগামী ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জাতীয় কমিটি।
রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, "দেশের অনেক শিল্প-কারখানা গ্যাস সংযোগের অভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ফলে এসব শিল্প-কারখানা ক্ষতির মুখে পড়েছে।
"তাই দেশের স্বার্থ সমুন্নত রেখে গ্যাস অনুসন্ধান কর্মকাণ্ড পরিচালনাকে ডিসিসিআই স্বাগত জানায়।"
বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনের জন্য সরকার গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি করে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রণীত মডেল পিএসসি-২০০৮ এর আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কনকো-ফিলিপসকে নির্বাচিত করা হয়। গত ২৩ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তির বিষয়টি অনুমোদন করে।
তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই কনকো-ফিলিপসের সঙ্গে এই চুক্তির বিরোধিতা করে আসছে। পাশাপাশি একজন সংসদ সদস্য, কয়েকটি বাম দল ও জ্বালানি বিশেষজ্ঞরা চুক্তির বিরোধিতা করে বক্তব্য ও বিবৃতি দেন।
তাদের বক্তব্য, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি হলে মডেল পিএসসি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
অবশ্য বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই এ চুক্তি হয়েছে। কনকো-ফিলিপসের সঙ্গে সর্বোচ্চ আলোচনার পরই সরকার এই চুক্তিপত্র তৈরি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯০৬ ঘ.
bdnews24