ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য ত্র"টির কারণে গত দুই বছরে নৌযান দুর্ঘটনায় মোট তিনশ ৫২ জন মারা গেছেন বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান।
রোববার সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের এএম মাহবুবু উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ২০০৯ সালে দুশ ৪৪ জন ও ২০১০ সালে একশ আটজন দুর্ঘটনায় নিহত হয়েছে। নৌদুর্ঘটনা রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শাজাহান।
বিকাল ৫টা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
সংরক্ষিত নারী আসনের (৩২) সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে নৌ মন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ায় জাহাজ আগমনের সংখ্যা বেড়েছে। ২০১০-১১ সালে প্রতি মাসে গড়ে প্রায় ৩০টি জাহাজ মংলা বন্দরে আসে।
তিনি জানান, ২০০৭-০৮ সালে ৯৫টি, ২০০৮-০৯ সালে একশ ৯১টি, ২০০৯-১০ সালে একশ ৫৬টি ও এ বছরের এপ্রিল পর্যন্ত দুশ ৫৬টি জাহাজ মংলা বন্দরে এসেছে।
মেজবাউদ্দীন ফরহাদের প্রশ্নের জবাবে শাহজাহান খান জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বর্তমানে ১২টি রো রো ফেরি আছে। এর মধ্যে আরিচা সেক্টরে ১০টি ও মাওয়া সেক্টরে ২টি চলাচল করছে। যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়।
মুজিবুল হকের প্রশ্নের জবাবে নৌ-মন্ত্রী জানান, ঢাকা শহরের চারিদিকে নৌ-পথ চালুকরণ প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়নাধীন। এর ১ম পর্যায়ে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত নৌ-পথের উন্নয়ন কাজ শেষ হয়েছে। এই প্রকল্পে সাড়ে ২৯ কিলোমিটার জলপথ উন্নয়নে ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে। ২য় পর্যায়ে আশুলিয়া হতে কাঁচপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪০ কিলোমিটার পথের উন্নয়ন কাজ চলছে। এত ব্যয় হবে ৬৫ কোটি টাকা। ২০১২ সালের জুন মাসে এই কাজটি শেষ হবে।
চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ইয়ার্ডের বর্তমানে ধারণ ক্ষমতা ৩২,০১৭ টিইইউএস। প্রয়োজনের তুলনায় তা ৪৫০০ থেকে ৬০০০ টিইইউএস বেশি।
নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অধীনে বর্তমানে ১৩টি জাহাজ রয়েছে। এর মধ্যে দুইটি বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ট্যাংকার থেকে অপরিশোধিত তেল লাইটারিং-এর কাজে ব্যবহৃত হচ্ছে। বাকি ১১টি দেশ/বিদেশে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কাজে ব্যবহৃত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭৪৫ ঘ.
bdnews24