২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মুদ্রাপাচার মামলার রায় বৃহস্পতিবার

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে হওয়া মুদ্রাপাচার মামলার রায়ের জন্য বৃহস্পতিবার দিন রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 10:07 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে হওয়া মুদ্রাপাচার মামলার রায়ের জন্য বৃহস্পতিবার দিন রেখেছে আদালত। রোববার দুপুরে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুননি শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন আগামী ২৩ জুন রায় ঘোষণার তারিখ ধার্য করেন। দুর্নীতি দমক কমিশনের (দুদক) বিশেষ আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। মামলার দুই আসামি কোকো ও সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনের অনুপস্থিতিতেই বিচার কাজ শেষ হয়। মামলাটি ২০০৯ সালের মুদ্রাপাচার আইনে করা হলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ জুন নতুন করে ২০০২ সালের আইনে অভিযোগ গঠন করা হয়। ওই আবেদনে বলা হয়, গত ৯ ফেব্র"য়ারি তারেক রহমানের পক্ষে 'মানি লন্ডারিং প্রতিরোধ আইন' চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা মামলার রায়ের আলোকে এ মামলারও অভিযোগ গঠন হওয়া উচিৎ। তাই 'অর্থ পাচার প্রতিরোধ আইন ২০০৯' এর পরিবর্তে '২০০২ এর অর্থ পাচার প্রতিরোধ আইনে' এ মামলার সংশোধিত অভিযোগ গঠন করা প্রয়োজন।' এর পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দেখান, কোকোর বিরুদ্ধে এ মামলার অভিযোগ ২০০৯ সালের আগের হওয়ায় নতুন করে অভিযোগ গঠন করা না হলে আইনি জটিলতার সৃষ্টি হবে। ২০০৯ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা আবু সাঈদ কাফরুল থানায় মামলাটি করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ২৩ জন সাক্ষীর মধ্যে ২১ জনের বক্তব্য শোনে আদালত। মামলার নথি থেকে জানা গেছে, সায়মনের সহায়তায় কোকো অবৈধ উপায়ে অর্জিত ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচার করেছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কোকোকে গ্রেপ্তার করা হলেও ২০০৮ সালের মে মাসে পারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি। গত বছর ১৯ অগাস্ট তার পারোল বাতিল করে ৩১ অগাস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোকো না ফেরায় তাকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার শুরু করে আদালত। সায়মনকেও এ মামলায় পলাতক দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/আরএম/এএল/১৬০৩ ঘ.