২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশের স্বার্থে কথা বললে বলা হয় ভারত-বিদ্বেষী'

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, বিএনপি দেশের স্বার্থে কথা বললে তাদের ভারত-বিদ্বেষী বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 08:28 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, বিএনপি দেশের স্বার্থে কথা বললে তাদের ভারত-বিদ্বেষী বলা হয়। রোববার দুপুরে রাজধানীতে এক প্রকাশনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে প্রতিবেশি দেশের জন্য কাজ করছে। আমাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে, সরকার নিশ্চুপ থাকে। "আমরা যখন দেশের স্বার্থের কথা বলি, তখন বলা হয় আমরা এতো বেশি ভারত-বিদ্বেষী কেন। আমরা ভারত-বিদ্বেষী নই। দেশের স্বার্থ ও নিরাপত্তার কথা বললে তাকে বিদ্বেষী বলা ঠিক নয়।" সরকার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে সংকটময় করে তুলেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক একাডেমীর ও সুরমা প্রকাশনের যৌথ উদ্যোগে কবি আবদুল হাই শিকদার রচিত 'বিশ্বময় নজরুল' শিরোনামের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ছিলো এটি। বইটির প্রকাশক সুরমা প্রকাশন। প্রতিবেশী দেশ ভারতের প্রতি বর্তমান সরকারের 'অধিক প্রীতি' আছে উল্লেখ করে এর সমালোচনা করেন মির্জা ফখরুল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং সর্বোপরি গণতন্ত্র অবরুদ্ধ হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন চলছে। একে রুখতে হবে। "এ জন্য চাই দেশপ্রেমিক জনগণের ঐক্য।" দলের মানবাধিকার সম্পাদক নাসিরউদ্দিন অসীমকে বিদেশ যেতে বাধা দেওয়ার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, "বৈধ পাসপোর্ট ও হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও অসীমকে বিদেশে যেতে দেওয়া হয়নি। একটি গোয়েন্দা সংস্থা তাকে বিদেশে যেতে দেয়নি।" সাংস্কৃতিক একাডেমীর সভাপতি এমএম মেহবুব রহমানের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল হালিম, কবি আল মুজাহিদী এবং বইয়ের লেখক আবদুল হাই শিকদার বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৪২৩ ঘ.