মাদারীপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের দিন রোববার সকালে একজনকে হত্যা করা হয়েছে।
ওই হত্যাকাণ্ডের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দায়ী করে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ বানচালের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা।
কালকিনি উপজেলার চরদৌলত খাঁ ইউনিয়নে রোববার ভোরে মহব্বত আলী সরদার (৬০) নামে এক বৃদ্ধকে ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন জানান, স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে একশ ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়।
কালকিনির ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত এক মাসে আরো তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
চরদৌলত খাঁ গ্রামে শনিবার রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা অসংখ্য হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেন চরদৌলত খান ইউনিয়নের বাসিন্দা রনি হোসেন।
তিনি বলেন, দুই চেয়ারম্যান প্রার্থী সরদার মো. আবদুল মান্নান ও চাঁনমিয়া সিকদারের সমর্থকরা প্রায় দুই শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে চারপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহিন মন্ডল বলেন, হত্যাকাণ্ডের প্রেক্ষিতে চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মো. আবদুল মান্নানের লোকজন স্থানীয় মাষ্টার ফজলুর রহমান স্বল্প ব্যায়ী প্রাথমিক বিদ্যালয়, নতুন চরদৌলত খাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ডিমচর সরকারী প্রাথমিক বিদ্যলয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাঁনমিয়া সিকদারের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।
"পুলিশ সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে।"
নিহত বৃদ্ধের লাশ আপাতত থানায় রাখা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৩৯ ঘ.
bdnews24