২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে ভোটকেন্দ্রে হামলা, পুলিশ কর্মকর্তাসহ আহত ৪

গাইবান্ধার সাদুল্লাপুরের ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুরে এক ভোটকেন্দ্রে শনিবার রাতে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 03:55 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

গাইবান্ধা, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরের ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুরে এক ভোটকেন্দ্রে শনিবার রাতে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা হয়েছে। ভগবান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শনিবার ভোট চেয়ারম্যান প্রার্থী রেজানুল ইসলাম বাবুর সমর্থকরা কেন্দ্রের দরজা ভেঙে প্রিজাইডিং অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ২৩ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়। এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে- ভাতগ্রামের এরশাদ মিয়া (৩০), সুইট মন্ডল (২৫) ও পুলিশের পরিদর্শক আকতার হোসেন। আহতদের সাদুল্লাপুর ও গাইবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম জানান, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ওই ভোটকেন্দ্রে ভোট গণনার পর প্রিজাইডিং অফিসার লিখিত কাগজ দিতে দেরি করেন। কারচুপির আশঙ্কায় ওই প্রার্থীর সমর্থকরা রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের দরজা ভেঙে তাদের ওপর হামলা করে। "তখন কেন্দ্রে কর্মরত পুলিশরা তিন রাউন্ড শট গানের গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আরো ২০ রাউন্ড শট গানের গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।" প্রিজাইডিং অফিসার ও সাদুল্লাপুর ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল আলম জানান, ভোট গণনার পরপরই প্রার্থীর এজেন্টরা লিখিত কাগজ চায়। কিন্তু লেখালিখির কাজ করতে কিছু সময় অতিবাহিত হয়। অধৈর্য হয়ে তারা এ ঘটনা ঘটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০৯৪৯ ঘ.