ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইক্রোবাসে তুলে এক যুবককে ইনজেকশন দিয়ে অজ্ঞান করার দৃশ্য দেখে রাজধানীর গাবতলীতে তিনজনকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
এরা হলেন- আবু জাফর (৩৮), জুবায়ের হোসেন (২৮) ও মুজদা আহমেদ (৩২)।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ রাত ৮টার দিকে অচেতন অবস্থায় কিসমত আলী (৩৫) নামে ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
পুলিশ বলছে, কিসমত একজন আদম ব্যবসায়ী।
পাওনা টাকার জন্য কিসমতকে ডেমরা থেকে ফোন করে ডেকে মাইক্রোবাসে তুলে অচেতন করে নাটোরের লালপুরে নিয়ে যাওয়ার জন্য জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিলো বলে জানায় পুলিশ।
দারুস সালাম থানার ওসি আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশেপাশের জনতা কিসমতের চিৎকারে তিনজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
পুলিশ ওই যুবকদের আটক করেছে বলে ওসি জানান।
তিনি বলেন, এদের সবার বাড়ি নাটোরের লালপুরে।
অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১৫১ ঘ.
bdnews24