২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতির অভিযোগে ফল বাতিলের সুপারিশ

মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন করার অভিযোগে কিশোরগঞ্জে এক বিজয়ী প্রার্থীর ফল বাতিলের সুপারিশ করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

কিশোরগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন করার অভিযোগে কিশোরগঞ্জে এক বিজয়ী প্রার্থীর ফল বাতিলের সুপারিশ করেছে প্রশাসন। গত ৩১ মে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন সুতারকান্দা গ্রামের বিউটি আক্তার। তার বিরুদ্ধে হাইকোর্টের আদেশ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ওঠায় এই ফল বাতিলের সুপারিশ করেছে জেলা নির্বাচন কর্তৃপক্ষ। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, দানাপাটুলী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী হন সুতারকান্দা গ্রামের বিউটি আক্তার। কিন্তু জাতীয় পরিচয়পত্র ও চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী তার বয়স ২৫ বছরের কম হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন। এর বিরুদ্ধে বিউটি আক্তার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করলেও আগের সিদ্ধান্ত বহাল থাকে। পরে বিউটি আক্তার এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর শুনানির তারিখ ছিল ৩১ মে। কিন্তু ওই তারিখ নির্বাচনের দিন হওয়ায় বিউটি আক্তারের আইনজীবী এ.কে.এম. মিজানুর রহমান ৩০ মে তার প্যাডে জেলা নির্বাচন কার্যালয়ে একটি চিঠি দেন। চিঠিতে তিনি জানান, হাইকোর্ট বিউটি আক্তারের প্রার্থিতা বাতিল অবৈধ ঘোষণা করেছে। এই চিঠির পরিপ্রেক্ষিতে বিউটি আক্তারকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর একরাত প্রচারণা চালিয়ে ৩১ মে নির্বাচনে বিউটি বিজয়ী হন। কিন্তু পরে বিউটি আক্তারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উম্মে হাবিবা হেনা হাইকোর্টের আদেশের কপি তুলে দেখতে পান, হাইকোর্ট বিউটি আক্তারের আপিল আবেদনটি নাকচ করেছেন। এ বিষয়টি জানিয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী উম্মে হাবিবা হেনা ও তাসলিমা খাতুন শিল্পী ফল বাতিল করে পুনঃনির্বাচনের জন্য জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল আলম জানান, ১২ জুন হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ নির্বাচন অফিসে এসেছে। এতে দেখা যায়, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এতে প্রমাণিত হয়, ৩০ মে বিউটি আক্তার হাইকোর্টের আদেশ সম্পর্কে যে তথ্য দেন তা মিথ্যা ছিল। নির্বাচন কর্মকর্তা বলেন, বিউটি আক্তারের ফল বাতিল করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের সুপারিশসহ নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে। এছাড়া হাইকোর্টের আদেশ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয় নির্বাচন কমিশনারের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.