ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার ভোর থেকে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার থেমে-থেমে বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে ভারী বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ভোর থেকে বেলা ১২টা পর্যন্তঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত নিুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ভারী বৃষ্টির কারণে সকাল থেকে বিশেষ করে স্কুল এবং অফিসগামী লোকজনকে যানবাহনের অভাবে দুর্ভোগ পোহাতে হয়।
মিরপুর ১০ নম্বরের পর থেকে রোকেয়া সরণী, শেওড়াপাড়া এবং কাজীপাড়া থেকে আগারগাঁও পর্যন্ত রাস্তায় পানি জমে যাওয়ায় ইঞ্জিনে পানি ঢুকে অসংখ্য অটোরিক্সা, বাস এবং মাইক্রোবাস বিকল হয়ে থাকতে দেখা যায়।
মোহাম্মদপুর এবং মিরপুরের অনেক সড়ক, মালিবাগ, শান্তিনগর, মৌচাক, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড পানির নিচে তলিয়ে যায়। এতে মানুষ ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
এছাড়া মিরপুর-মোহাম্মদপুরের অনেক উপ-সড়কে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নয়ের অংশ হিসেবে খোঁড়াখুড়ির কাজ চলতে থাকায় এসব সড়কে চলাচল আরো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
রাজধানীর বিভিন্ন সড়কে লোক সমাগমও ছিলো অন্য দিনের তুলনায় কম।
বৃষ্টি থাকায় এবং বাস ও অন্যান্য যান্ত্রিক যানবাহনের অপ্রতুলতায় রিকশা ভাড়া বেড়েছে এদিন।
বেলা ১২টার পর বৃষ্টি কমে এলেও এখনো অনেক রাস্তায় পানি জমে আছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, রোববারও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে।
শনিবার বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামের মাইজদি কোর্টে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দেশের অন্য অঞ্চলে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ- কক্সবাজার ৫৮, চাঁদপুর ৫৬, টাঙ্গাইল ২৬, ময়মনসিং ৯, পটুয়াখালী ৫১, বরিশাল ৩৫, রংপুর ১৯, রাজশাহী ২, বগুড়া ৩, ফেনী ৯, খেপুপাড়া ৪৫, ফরিদপুর ১৬, সন্দীপ ১০, সৈয়দপুর ৯, সাতক্ষীরা ৭ এবং খুলনায় ৩ মিলিমিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৭৩৩ ঘ.
bdnews24