ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখাউড়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে শনিবার স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হতে পারছেন।
আখাউড়া স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ইউপি নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশন ও সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনির হোসেন বলেন, "রোববার ভারতে সাপ্তাহিক ছুটির কারণে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। কাজেই শনি ও রোববার এই দুই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হবে না।"
স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা আবুল বাশার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। সোমবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১৪ ঘ.
bdnews24