২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন পরিচয়ের কারণে বৈষম্য নয়: জাতিসংঘ

সব ধরনের লিঙ্গ ও যৌন পরিচয়ের মানুষের সমান অধিকারের পক্ষে ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 05:04 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সব ধরনের লিঙ্গ ও যৌন পরিচয়ের মানুষের সমান অধিকারের পক্ষে ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এতে বলা হয়েছে, লিঙ্গ বা যৌন পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য বা নির্যাতন গ্রহণযোগ্য নয়। পশ্চিমা দেশগুলো মানবাধিকার কাউন্সিলের এই ঘোষণাকে ঐতিহাসিক বললেও বাংলাদেশ, পাকিস্তান, বাহরাইন, কাতার, সৌদি আরবসহ মুসলিম দেশগুলো এর বিরোধিতা করেছে। 'বিতর্কিত' এই ঘোষণার মধ্যে দিয়ে এই প্রথমবারের মতো মানবাধিকার কাউন্সিল সমকামী (গে, লেসবিয়ান ), উভকামী (বাইসেক্সুয়াল) কিংবা রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) মানুষের সমঅধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান নিল। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধির তোলা এই প্রস্তাবের বিষয়ে ভোটাভুটিতে শুক্রবার ফোরামের ৪৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৩টি পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট পড়ে ১৯টি। তিনটি দেশের প্রতিনিধি ভোটদানে বিরত থাকেন এবং একজন অনুপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিলের আরেক সদস্য লিবিয়ার সদস্যপদ গত মার্চ থেকে স্থগিত রাখা হয়েছে। ঘোষণাটি পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, সারা বিশ্বেই বহু মানুষ তাদের লিঙ্গ ও যৌন পরিচয়ের কারণে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। আজকের এই ঘোষণার মধ্যে দিয়ে জাতিসংঘ এটাই বললো যে, মানবাধিকার একটি সার্বজনীন বিষয়। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যুক্তরাষ্ট্রের মতো ব্রিটেন ও ফ্রান্স এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয় এবং চীন ভোটদানে বিরত থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৫৮ ঘ.