চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চট্টগ্রামের লালদীঘির পাড় থেকে দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে লালদীঘির পাড়ের ১ নম্বর ওরিয়ন টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জাননো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুনীল পাত্র (৩৬) ও প্রতাপ দোলই (২৪)।
র্যাব-৭-এর এএসপি এএনএম সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েকজন ভারতীয় নাগরিক দীর্ঘদিন ধরে ওরিয়ন হোটেলে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এই অভিযান চালানো হয়।
তিনি জানান, সুনীল পাত্র ভারতের হাওড়া জেলার জয়পুর থানাধীন চিতনান গ্রামের মনোরঞ্জন পাত্রের ছেলে। আর প্রতাপ দোলই ভারতের একই জেলার আমতা থানার সারদা গ্রামের মহাদেব দোলই এর ছেলে।
তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে এএসপি সাজেদুর জানান।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন যে তারা ভারতীয় নাগরিক। তবে বাংলাদেশে অবস্থানের জন্য ভিসা বা পাসপোর্ট তারা দেখাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১৯৩৯ ঘ.
bdnews24