২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ৫ উপজেলায় বেড়িবাঁধে ভাঙন

জোয়ারের পানির প্রবল চাপে বরগুনার পাঁচ উপজেলায় পায়রা ও বিষখালী নদীর বেড়িবাঁধ ১০টি স্থানে ভেঙে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

বরগুনা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোয়ারের পানির প্রবল চাপে বরগুনার পাঁচ উপজেলায় পায়রা ও বিষখালী নদীর বেড়িবাঁধ ১০টি স্থানে ভেঙে গেছে। এতে শতাধিক বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ইরি ক্ষেত। বাঁধ ভেঙে গেছে সদর উপজেলার বুড়িরচর, নিশানবাড়িয়া, আমতলীর তেতুলবাড়িয়া, পশ্চিম ঘটখালী, পাথরঘাটার পদ্মা, তাফালবাড়ি, মীরা বাড়ি, বেতাগীর আলিয়াবাদ, বামনার খোলপটুয়া ও রামনা এলাকায়। বরগুনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বৃদ্ধি পেয়েছে। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, চাওড়া ইউনিয়নের প্রায় নয়শ' হেক্টর জমিতে আউশ ও ইরি ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার সৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। আমতলীর চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান জানান, পশ্চিম ঘটখালী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির পশ্চিম চাওড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে গিলাতলী গ্রাম পর্যন্ত প্রায় ৫শ মিটার ভেঙে গেছে। এতে পশ্চিম ঘটখালী, গিলাতলী, বৈঠাকাটা, বেতমোর, উত্তর ঘটখালী, দক্ষিণ ঘটখালীসহ মোট ১০টি গ্রামে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি তলিয়ে গেছে। বেতাগীর সরিষামুড়ি ইউনিয়ন সচেতন নাগরিক পরিষদের সভাপতি জাকির হোসেন ফারুক জানান, আলিয়াবাদ এলাকায় ১০০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এলাকার পাঁচশ' হেক্টর ফসলি জমি পানিতে ডুবে আছে। এলাকার অন্তত ৫শ' পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.