চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে 'ড্রেনেজ মাস্টার প্ল্যান' বাস্তবায়নে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র এম মনজুর আলম।
তিনি বলেছেন, সরকার সিটি কর্পোরেশন ছাড়া অন্য কোনো সংস্থাকে দিয়ে এ কাজ করাতে পারে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে নগরীর শাহ আমানত মাজারে এক মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি সমর্থিত মেয়র মনজুর আলম এ কথা বলেন।
গত বছরের ১৭ জুন অনুষ্ঠিত সিসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম প্রায় এক লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
মেয়র মনজুর বলেন, এবার জলাবদ্ধতা অন্য বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে।
দায়িত্ব নেওয়ার পর ১১ মাসে মেয়র হিসেবে নিজেকে শতভাগ সফল দাবি করে মনজুর আলম বলেন, নির্বাচনী ৫৬টি ওয়াদার মধ্যে স্বল্পমেয়াদে নেওয়া প্রকল্পগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়েছে।
নগরীর উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে- এ কথা জানিয়ে মেয়ল বলেন, এর অনেকগুলো বাস্তবায়ন হয়েছে। বাকিগুলো সরকারের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।
তাকে মেয়র হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেওয়ার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মনজুর।
একইসঙ্গে তিনি মেয়র নির্বাচনে সমর্থন দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন ও খালেদা জিয়ার প্রতিও কৃতজ্ঞতা জানান।
এ সময় মেয়রের সঙ্গে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৭৪১ ঘ.
bdnews24