ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণে ভ্যাপসা গরমের অস্বস্তি কাটলেও রাজধানীতে ছেদ পড়েছে স্বাভাবিক জীবনযাত্রায়। সাগরে সৃষ্ট নিুচাপের প্রভাবে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিুচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এটি এরই মধ্যে উপকূল অতিক্রম করেছে। তবে এর প্রভাবে ঢাকায় শনিবার দুপুর পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এটি ২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
রাজধানীতে আগেরদিন সামান্য বৃষ্টি হলেও শুক্রবার ভোর থেকে শুরু হয় টানা বর্ষণ। ছুটির দিনে এই বৃষ্টি অনেকের কাছে 'স্বস্তির' মনে হলেও ছেদ পড়েছে স্বাভাবিক জীবনযাত্রায়। বিশেষ করে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীসহ কর্মজীবীদের পোহাতে হয় ভোগান্তি। পণ্যের পসরা সাজাতে না পারায় অন্যান্য দিনের তুলনায় রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত ছিলো অনেকটা ফাঁকা।
আরামবাগ এলাকার বাসিন্দা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধের দিনে বৃষ্টি, গরমও কমে গেছে। সবকিছু মিলেয়ে ভালোই লাগছে।"
অন্যদিকে মিরপুর-১ নম্বর সেকশনের ফল ব্যবসায়ী সোহেলের আক্ষেপ, বর্ষণের কারণে ক্রেতা না থাকায় বেচাবিক্রি কমে গেছে।
হকার হাসানের কণ্ঠেও একই সুর। ফার্মগেট এলাকার এই হকার বলেন, "দিনভর বৃষ্টি হইলে আমাগো খুব লস হইয়্যা যায়। আইজ দোকান খুলতে পারুম কিনা বুজতাছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/এএল/জেকে/১৬১১ ঘ.
bdnews24