২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অর্ধেক' সাক্ষ্যের পর ৯ বছর

বিশতম সাক্ষী অর্ধেক সাক্ষ্য দেওয়ার পর থেকেই লাপাত্তা। এ কারণে ডিবি পুলিশের সোর্স জালাল হত্যা মামলার বিচার শেষ হয়নি এক যুগেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশতম সাক্ষী অর্ধেক সাক্ষ্য দেওয়ার পর থেকেই লাপাত্তা। এ কারণে ডিবি পুলিশের সোর্স জালাল হত্যা মামলার বিচার শেষ হয়নি এক যুগেও। ১৯৯৯ সালের ২৫ মার্চ রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের পানির ট্যাংক থেকে জালাল আহমেদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, ২০০৩ সালের ৪ ফেব্র"য়ারি রাষ্ট্রপক্ষে ২০তম সাক্ষী রিকশাচালক ইমান আলীর অর্ধেক বক্তব্য শোনে আদালত। এরপর গত ৯ বছরে ওই সাক্ষী আর আদালতে আসেননি। বিচার পদ্ধতি অনুযায়ী একজন সাক্ষীর সাক্ষ্য শেষ না হওয়া পর্যন্ত নতুন সাক্ষীর বক্তব্য শোনার সুযোগ না থাকায় থমকে আছে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলার কাজ। মামলার এই হাল নিয়ে হতাশা প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও। তারা জানান, ওই সাক্ষীর বিরুদ্ধে জামিনের অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তাকে আদালতে আনা যায়নি। মামলার অন্যতম আসামি জিয়াউল হাসানের আইনজীবী শেখ বাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালের ৪ ফেব্র"য়ারি এ মামলার সাক্ষী ইমান আলীকে জোর করে আদালতে এনে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সুপার মুন্সী আতিকুর রহমান। "কিন্তু ইমান আলী সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, তিনি এ মামলার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। আর বিচারক মামলার নথিতে লেখেন, সাক্ষী বিরবির করে কি বলেছে তা তিনি বুঝতে পারেননি।" অ্যাডভোকেট বাহারুল জানান, সাক্ষী ইমান আলী আদালতে সবার সামনে যা বলেছেন- তা আদালতের নথির আদেশ অংশে অন্তর্ভূক্ত করার জন্য লিখিত আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিচারক তা না করায় বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টেও যান। বাহারুলের অভিযোগ, ওই ঘটনায় তখনকার বিচারকও পিপি এবং তদন্ত কর্মকর্তার পক্ষ নিয়েছিলেন। বাহারুল বলেন, "এর পর থেকে ইমান আলী আর আদালতে সাক্ষ্য দিতে আসেননি। বিচারের নিয়মের কারণে ওই দিনের পর গত ৯ বছরে আর কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়নি।" মামলার নথি অনুসন্ধানেও আইনজীবীর এ বক্তব্যের সত্যতা পাওয়া যায়। জালাল হত্যা মামলার বিচারে নিয়োজিত বিচারক বদল হয়েছে পাঁচবার। রাষ্ট্র ও আসামিপক্ষের বিভিন্ন আবেদন ও দরখাস্তের সংখ্যা বেড়েছে দিনের পর দিন। অনিয়মিতভাবে ৩/৪ মাস পরপর এ মামলায় তারিখ পড়ছে। আগামী ২২ জুন এ মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে। আগের তারিখ ছিল ১০ মার্চ। এ মামলার অভিযোগে বলা হয়েছে, গোয়েন্দা পুলিশেরই এক কর্মকর্তার সঙ্গে বিরোধের কারণে খুন হন জালাল। তার লাশ উদ্ধার হওয়ার পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ বিভাগের দুর্নীতির তথ্য আলোচনায় উঠে আসে। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর শাহ জামাল লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সর্বোচ্চ চেষ্টা করেও সাক্ষীকে আদালতে আনা যাচ্ছে না। আমি এ মামলার বিচারকাজের ব্যাপারে হতাশ।" তিনি জানান, এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের বাকি সাক্ষীদের আদালতে হাজির করা জন্য জামিনের অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর এ মামলার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাহিদ সরদার বলেন, মামলার ব্যাপারে রাষ্ট্রপক্ষে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে- তা তিনি মনে করতে পারছেন না। "নথিপত্র না দেখে কিছুই বলা যাবে না।" মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় স্বর্ণ ও মাদক পাচারের তথ্য পাওয়ার জন্য জালাল আহমদকে সোর্স হিসাবে ব্যবহার করতেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিয়াউল আহসান। এ মামলার অভিযুক্ত ব্যক্তিরা জালালের তথ্যের ভিত্তিতে চোরাকারবারিদের আটক করে চোরাচালানের পণ্য হস্তগত করতেন। কিন্তু জালালকে তার বখরা থেকে বঞ্চিত করা হতো। ১৯৯৯ সালের ১৩ মার্চ জালাল বিমানবন্দর এলাকায় একটি সোনা চোরাচালানকারী চক্রের তথ্য অন্য একটি গোয়েন্দা দলকে দেওয়ায় ক্ষুদ্ধ হন জিয়াউল। ১৯ মার্চ রাতে অন্য অভিযুক্তদের সহযোগিতায় জালালকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়। আর লাশ লুকানো হয় ডিবি কার্যালয়ের ছাদে পানির ট্যাংকের ভেতরে। ২৫ মার্চ লাশ উদ্ধারের পর রমনা থানার উপপরিদর্শক এস এম আলী আজম এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। এরপর নিহতের ছেলে আব্বাস উদ্দিন ৪ এপিল আরেকটি মামলা করেন। নথিপত্রের তথ্য অনুযায়ী, এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০০১ সালের মাঝামাঝি সময়ে। এই হত্যা মামলার আসামি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল আহসান, হাবিলদার মো. বিল্লাল, কনস্টেবল মো. আবদুর রউফ জামিনে রয়েছেন। আরেক আসামি আনোয়ার হোসেন ২০০৮ সালে মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪৫৮ ঘ.