২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্টজয়ী মুহিতকে ভোলাবাসীর সংবর্ধনা

এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিতকে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ভোলা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিতকে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলায় কবি মোজাম্মেল হক টাউন হলে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুহিতের বাবা-মা ছাড়াও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন। মুহিত বলেন, "এভারেস্টের চূড়ায় যখন বাংলাদেশের পতাকা উড়াই তখন মনে হয়েছে- সমগ্র বাংলাদেশ এভারেস্টের চূড়ায়। সমস্ত বাংলাদেশের মানুষ আমার পাশে।" ভোলার বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর গ্রামেই এক সময় মুহিতের পিতৃপুরুষের ভিটা ছিল। প্রায় ১৫ বছর আগে নদী ভাঙ্গনে সেই বাড়ি বিলীন হয়ে যায়। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ঘুরে আসার অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে মুহিত বলেন, "সে এক ভিন্ন অনুভূতি। একজন বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়েছে।" ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রবীর কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, জেলা বিজেপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। সংবর্ধনা শেষে স্থানীয় শিল্পীরা গান গেয়ে শোনান। বাংলা মাউন্টিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য এমএ মুহিত গত ২১ মে এভারেস্ট চূড়ায় পা রাখেন। ৪১ বছর বয়সি এই পর্বতারোহী কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এর ঠিক এক বছর আগে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩৩৮ ঘ.