ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সংসদের ওপর ছেড়ে দেওয়ার মত দিয়েছেন তিন আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি)।
ড. এম জহির, ইউসূফ হোসেন হুমায়ন ও আব্দুল মতিন খসরু বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে শুনানিতে এ মত দেন।
তাদের মতে, সাংবিধানিক কোনো বিধানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তনেওয়ার এখতিয়ার সংসদের।
তাদের বক্তব্যের পর আগামী ১৪ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
গত ৮ জুন হাইকোর্ট সংবিধানের অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।
১৬ জুনের মধ্যে জাতীয় সংসদের স্পিকার ও আইন সচিবের এ রুলের জবাব দেওয়ার কথা ছিলো।
১৯৯৮৮ সালে কয়েকজন বিশিষ্ট নাগরিক এ রিট আবেদন করেন। আবেদনকারীদের পক্ষের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের বিধান সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। এটি ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক।
সাবেক স্বৈরশাসক এইচএম এরশাদের আমলে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।
শুনানিতে ড. এম জহির বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। সেকুল্যারিজমের বাংলা যে ধর্মনিরপেক্ষতা বলা হচ্ছে তাও ঠিক নয়। সেকুল্যারিজমের বাংলা হবে পার্থিব।
"বর্তমানে সংসদ সংবিধান সংশোধনের বিষয় নিয়ে কাজ করছে। এ অবস্থায় রাষ্ট্রধর্ম নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। কারণ হাইকোর্ট এ ব্যাপারে সিদ্ধান্ত দিলে দেশে আবার সংঘাত তৈরি হবে, হরতাল হবে, ভাংচুর হবে।"
জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, অসৎ উদ্দেশ্যে সংবিধানে রাষ্ট্রধর্ম সংযুক্ত করা হয়েছিলো। পরে অষ্টম সংশোধনী চ্যালেঞ্জ হলেও রাষ্ট্রধর্মের বিষয়টি চ্যালেঞ্জ হয়নি।
"আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল অসম্প্রদায়িক বাংলাদেশের জন্য। পঞ্চম সংশোধনী মামলার রায়ে ধর্মনিরপেক্ষতাসহ চার মূলনীতি সংবিধানে ফিরে এসেছে। দেশের প্রতিটি ধর্মের মানুষের ধর্ম পালনের সম-অধিকার থাকতে হবে।"
আব্দুল মতিন খসরু বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি বর্তমানে সংসদের বিবেচনায় রয়েছে। এ অবস্থায় বর্তমান মামলাটির শুনানি করা ঠিক হবে না। আদালতের উচিত হবে শুনানি মুলতবি করে দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম/এসএন/পিডি/ ২১৪৭ ঘ.
bdnews24