ফেনী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল ভোট ও কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে ফেনী সদর উপজেলার মোটবী ও ফাজিলপুর ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন চলাকালে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ দু'টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয় বলে জানান নির্বাচন কমিশন কর্মকর্তারা।
মোটবী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শাহ আলী রেজা জানান, বৃহস্পতিবার সকালে মোটবী ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভিতরে প্রবেশ করে বহিরাগত যুবকরা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেলে প্রথমে ওই কেন্দ্রর নির্বাচন স্থগিত করা হয়।
তিনি জানান, পরে কয়েকজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে মোটবী ইউনিয়নের সবগুলো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
ফেনী কোর্ট পরিদর্শক লুৎফুর রহমান জানান, জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগে ফাজিলপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২১ ঘ.
bdnews24