ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউক অননুমোদিত আবাসন প্রকল্প ও ডেভেলপার প্রতিষ্ঠানগুলো যেন চলতি রিহ্যাব মেলায় অংশ নিতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্র্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে মেলায় এসব আবাসন প্রকল্পের অংশগ্রহণ এবং বিজ্ঞাপন প্রচারে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন (রিহ্যাব), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
পরিবেশবাদী তিনটি সংগঠনের আবেদনে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ নির্দেশ দেয়।
পাশাপাশি অনুনোমোদিত আবাসন প্রকল্পগুলোর মধ্যে যারা বিজ্ঞাপন দিচ্ছে সেগুলোর তালিকা এক সপ্তাহের মধ্যে ইলেক্ট্রনিক মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যমে সরবরাহ করতে রাজউককে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সকালে রিট আবেদনটি করে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। সরকার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হয়েছে চারদিনব্যাপী রিহ্যাব মেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৮০১ ঘ.
bdnews24