২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে চারটি সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:22 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

কুমিল্লা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে চারটি সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। দাউদকান্দি মহাসড়ক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে দাউদকান্দির ভিংলাতলীতে ফেনীগামী একটি প্রাইভেট কার ও ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হন। এর হলেন- সাইদুল হক (৪২), তার স্ত্রী খালেদা আকতার (৩৪), ছেলে প্রতীক (৭) এবং প্রাইভেটকারের চালক আব্বাস উদ্দিন। তাদের সবার বাড়ি ফেনী সদরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ নগর এলাকায় এশিয়া লাইনের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিক্সার সংঘর্ষে সফিউল্লাহ (৪৫) নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। পুলিশ জানায়, নিহত সফিউল্লাহর বাড়ি দাউদকান্দির সুখিপুরে। আহতদের প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে সকাল সাড়ে ৭টায় চান্দিনার হাড়িখোলায় ট্রাক উল্টে মনসুর (৩৫) নামের এক পথচারী নিহত হন। তার বাড়ি বগুড়ার আদমদীঘিতে বলে সার্জেন্ট রফিকুল ইসলাম জানান। এছাড়া বুধবার রাত সাড়ে ১০টার দিকে দাউদকান্দির পুটিয়া এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ। দাউদকান্দি মহাসড়ক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, এসব ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১৭ ঘ.