২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ নেতার বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে চিংড়ি ঘের দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 05:17 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

সাতক্ষীরা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে চিংড়ি ঘের দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তালা উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. আলমগীর হোসেন। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, তালা উপজেলার হাজরাকাটি মৌজায় ২৫০ বিঘা জমি ইজারা নিয়ে তারা কয়েকজন মিলে চিংড়ি ঘের চালু করেন। এখানে ১৭ বিঘা জমির অন্য একটি ঘের রয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদের। গত ৯ জুন বিকাল ৪টার দিকে ফিরোজের নেতৃত্বে এলাকার কয়েকজন দুস্কৃতকারী বোমা ফাটিয়ে ঘেরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে ঘের কর্মচারীদের জিম্মি করে ফেলে। এক পর্যায়ে তারা কর্মচারীদের বের করে দিয়ে ২৫০ বিঘার ঘেরটি দখলে নেয়। এসময় তারা ঘের থেকে প্রায় দুই লাখ টাকার চিংড়িও তুলে নেয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তারা চার লাখ টাকার বিনিময়ে ঘেরের দখল ছেড়ে দেবে বলে জানিয়েছে। ফিরোজ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এ ব্যাপারে প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি বলে জানান আলমগীর। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, সংবাদ সম্মেলন করে সঠিক ঘটনা পরে সাংবাদিকদের জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২৩০৯ ঘ.