২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি আইন সংশোধনে কালক্ষেপণের অভিযোগ

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ এর সংশোধন বিষয়ে কালক্ষেপণের অভিযোগ উঠে এসেছে এক গোলটেবিলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ এর সংশোধন বিষয়ে কালক্ষেপণের অভিযোগ উঠে এসেছে এক গোলটেবিলে। তারা চলতি সংশোধনী প্রক্রিয়াকে সুপ্রীম কোর্টের সিদ্ধান্তের পরিপন্থী, মৌলিক অধিকার এবং সরকারের দিনবদলের অঙ্গীকারের পরিপন্থী বলে জানিয়েছেন। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ২০০১-এর সংশোধন বিষয়ক সর্বশেষ অবস্থা এবং ভুক্তভোগী মানুষের প্রত্যাশা' শীর্ষক গোলটেবিলে উপস্থিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, "২০০১ সালে আওয়ামী লীগ সরকার প্রণীত 'অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) আইন ২০০১কে আমরা ইতিবাচক বলেছিলাম। কিন্তু বর্তমান সংশোধনী সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরিপন্থী।" তিনি বলেন, মাননীয় সুপ্রীম কোর্টের রায়ের আলোকে ২৩ মার্চ ১৯৭৪ এর সেনসাস অনুযায়ী সরকারের ১/১ খাস খতিয়ানে লিপিবদ্ধ করা অর্পিত সম্পত্তির বাইরে আর সকল সম্পত্তি তালিকার বাইরে রাখতে হবে। বক্তারা সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশনা অনুযায়ী অর্পিত সম্পত্তির সংজ্ঞা নির্ধারণ, ১৯৭৪-এর ২৩ মার্চের পর অবৈধভাবে ঘোষিত সব অর্পিত সম্পত্তিকে তালিকার বাইরে রাখা ও অবিলম্বে তা অবমুক্ত ঘোষণা করা, ২০০১ সালের আইনের ২৭ ধারায় 'বিক্রয়' শব্দের স্থলে 'প্রতীকি মূল্য' শব্দগুলি প্রতিস্থাপন এবং মৌজাভিত্তিক এই প্রতীকি মূল্য ১৯৬৫ সালের মূল্যের ভিত্তিতে নির্ধারণের দাবি জানান। সাংবাদিক আবুল মকসুদ বলেন, "অর্পিত সম্পত্তি নিয়ে কোনো রকমের রাষ্ট্রীয় চাতুর্য আমরা মেনে নেব না।" সর্বশেষ ২০১০ সালের ১১ জানুয়ারি এটি সংসদে বিল আকারে উপস্থাপনের কথা থাকলেও আবার আলোচনার জন্য এটি স্থগিত করা হয় বলে জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, এটি বিল হিসেবে উপস্থাপনের আগে আরো আলোচনার প্রয়োজন আছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল আইনটি বিল আকারে উপস্থাপনের আগে সবার জানার জন্য সেই প্রতিবেদনের কপি অবমুক্ত করার দাবি জানান। আইন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিল উত্থাপনের আগে আলোচনার প্রয়োজন আছে বলে মত দেন। আইন ও সালিশ কেন্দ্র, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, এএলআরডি এবং এইচডিআরসি যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২৫১ ঘ.