২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক ভারসাম্যহীন ভারতীয় যুবকটিকে নিলো না বিএসএফ

দিনাজপুরে সুন্দরা সীমান্তে বিজিবির হাতে আটক হিন্দিভাষী মানসিক ভারসাম্যহীন এক ভারতীয় যুবককে বিএসএফ গ্রহন করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

দিনাজপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে সুন্দরা সীমান্তে বিজিবির হাতে আটক হিন্দিভাষী মানসিক ভারসাম্যহীন এক ভারতীয় যুবককে বিএসএফ গ্রহন করেনি। বুধবার বিকালে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ যুবকটিকে গ্রহনে অস্বীকৃতি জানায়। বিএসএফ বলেছে, যুবকের পরিচয় সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার পর তাকে গ্রহনের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। দিনাজপুর সদর উপজেলার সুন্দরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে ক্যাম্পের কাছে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের চেষ্টা করা হলে বিএসএফ তাকে গ্রহন করেনি। ময়লা দুর্গন্ধময় ফুলপ্যান্ট ও টিশার্ট পরিহিত যুবকটি হিন্দি ও ইংরেজি ভাষায় কথা বলতে ও লিখতে পারে। সে তার পরিচয় হিন্দিতে লিখে দেয়। সেখানে তার নাম পুনম লাল সাঁও, গ্রাম দুরানগর, জেলা রায়পুর, ছত্তিশগড় রাজ্য লিখে দেয়। সারাক্ষণ চুপচাপ থাকে সে। বেশি প্রশ্ন করা হলে উত্তেজিত হয়ে গালাগাল করতে থাকে। ইলিয়াস হোসেন এবং সুন্দরা গ্রামের কৃষক মোফাজ্জল জানান, কাটাতারের বেড়ার গেট খুলে বিএসএফ সদস্যরা প্রায় সময় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে গেট বন্ধ করে দেয়। পরে তাদেরকে নিয়ে সীমান্ত এলাকাবাসী ও বিজিবি সদস্যরা বিব্রতকর অবস্থায় পরে। ইলিয়াস হোসেন জানান, বিষয়টি ভারতীয় হামজাপুর বিএসএফ ক্যাম্পকে অবহিত করে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়। বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কোম্পানি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, যেহেতু এটি সময়ের ব্যাপার তাই যুবকটিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৪৩ ঘ.