চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন ব্যবস্থা (ইনটেইক ফ্যাসিলিটি) ও পরিশোধন প্ল্যান্ট নির্মাণে দুইটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম ওয়াসা।
বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। তিনশ দুই কোটি টাকা ব্যয়ে সি-১ প্রকল্পের আওতায় এ কাজ শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বর মাসে।
অনুষ্ঠানে ওয়াসার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাওহিদুর রহমান। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান 'চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন'র (সিএনটিআইসি) পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান শেনউই এবং 'বেইজিং সাউন্ড এনভারনমেন্ট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে'র (বিএসইইসি) পক্ষে মহাব্যবস্থাপক মিস উই উই।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার পোমরা এলাকায় কর্ণফূলী নদীর তীরে বাস্তবায়িতনাধীন কর্ণফুলী পানি সরবরাহর প্রকল্পটিতে ব্যয় হবে মোট এক হাজার পাঁচশ ১০ কোটি ১৯ লাখ টাকা।
তিনটি প্যাকেজের অধীনে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। এর সি-১ প্যাকেজের অধীনে নির্মিত হবে নদী থেকে পানি উত্তোলন ব্যবস্থা (ইনটেইক ফ্যাসিলিটি) ও পরিশোধন প্ল্যান্ট।
সি-২ প্যাকেজে নির্মাণ করা হবে পরিবহন ও বিতরণ পাইপ লাইন এবং সি-৩ প্যাকেজে নির্মাণ করা হবে রিজার্ভার।
বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন 'কর্ণফুলী পানি সরবরাহ' প্রকল্প থেকে মোট ১৩ কোটি ৬০ লাখ লিটার পানি উৎপাদন সম্ভব হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এ প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সরকার পাঁচশ চার কোটি টাকা, জাইকা নয়শ ৯১ কোটি টাকা এবং চট্টগ্রাম ওয়াসা ১৫ কোটি টাকা দেবে বলে জানান ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাওহিদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২২৫ ঘ.
bdnews24