২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহার ও সুচিকিৎসার আহ্বাান লিমনের মা হেনোয়ারার

কলেজছাত্র লিমন হোসেনের দুটি মামলা প্রত্যাহার এবং তার সুচিকিৎসা ও লেখাপড়ার ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তার মা হেনোয়ারা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র লিমন হোসেনের দুটি মামলা প্রত্যাহার এবং তার সুচিকিৎসা ও লেখাপড়ার ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তার মা হেনোয়ারা বেগম। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠানে এ আবেদন জানান হোনোয়ারা। এটি ছিল ফেইসবুক গ্র"প 'লিমনের জন্য, জীবনের জন্য' আয়োজিত প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানপূর্ব স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান। পক্ষকালব্যাপী এই স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী। ৩০ জুন পর্যন্ত স্বাক্ষর সংগ্রহের পর চার দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। গত ২৩ মার্চ ঝালকাঠীতে র‌্যাবের গুলিতে আহত হন লিমন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। লিমনের দাবি, র‌্যাব তাকে ধরে নিয়ে গুলি করেছে। ওই ঘটনায় র‌্যাব লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। পরে র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি হত্যামামলা করেন লিমনের মা হোনোয়ারা। স্মারকলিপিতে ফেইসবুক গ্রপটির চার দফা দাবির মধ্যে থাকবে- র‌্যাবের গুলিতে পা হারানো কিশোর লিমনের যথোপযুক্ত চিকিৎসা ও পড়াশোনার সব খরচ সরকারকে বহন করা, অবিলম্বে লিমনের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে লিমনের ঘটনার জন্য 'ক্ষমা প্রার্থনা' ও সংশ্লিষ্ট দোষী র‌্যাব কর্মকর্তাদের বিচার করা এবং এ পর্যন্ত র‌্যাব কর্তৃক সংঘটিত সাতশ বিচার-বহির্ভূত হত্যার প্রতিটির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। কলেজ ছাত্র লিমনের পড়াশুনা চালিয়ে নেওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ তার মা বলেন, "আমার ছেলেকে গুলি করে পঙ্গু কইর‌্যা ফেলছে রাষ্ট্রীয় বাহিনী। এখন চারিদিক থেকে পেছাইয়া তাকে সন্ত্রাসী বানানোর লাগি চেষ্টা করছে। "আমার পনের বছইরা ছেলে কিভাবে বাইচা থাকতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সে ব্যবস্থা কইর‌্যা দেন।" অনুষ্ঠানে লিমনের বড় ভাই হেমায়েত হোসেন সুমন বলেন, "প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, লিমনের পরিবারের সবাই সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী হলে তা প্রমাণ করুন।" "একটা পরিবারের সবাই কিভাবে সন্ত্রাসী হতে পারে?" এসময় গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি বলেন, "র‌্যাব মহাপরিচালক কর্তৃক 'লিমন দুর্ঘটনার শিকার বলার' পরও এখন তাকে সন্ত্রাসী বানিয়ে তার বিরুদ্ধে দুটি 'মিথ্যা-বানোয়াট' মামলা পরিচালনা করা হচ্ছে।" ঢাবি শিক্ষক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি বেলাল চৌধুরী ও গণসঙ্গীত শিল্পী কফিল উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২১০ ঘ.