বাগেরহাট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে নিুমানের আইসক্রিম উৎপাদন করায় একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মালিকের কাছ থেকে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বাধীন ওই আদালত শহরের নাগেরবাজার এলাকার 'মিনি আইসক্রিম ফ্যাক্টরি' নামের কারখানাটি বন্ধ করে দেয়। এ সময় সাতটি ফ্রিজে রাখা প্রায় তিন লাখ টাকার আইসক্রিম ধ্বংস করে।
ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসটিআইসহ প্রয়োজনীয় কোনো সরকারি প্রতিষ্ঠানের অনুমতি না নিয়েই মো. খোরশেদ হাওলাদার দীর্ঘদিন আবাসিক বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক রং মিশিয়ে নিুমানের আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিলেন।
এর আগেও কয়েকবার তাকে জরিমানা করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ ও আইসক্রিমের মান উন্নয়নের পরামর্শ ইতিপূর্বে দেওয়া হলেও তিনি তা না করে বরং বিএসটিআই'র ভুয়া সিল ব্যবহার করে 'ইগলু', 'ঈগল', 'আননাফি' ইত্যাদি বিভিন্ন নামে আইসক্রিম বাজারজাত করছিলেন।
ভ্রাম্যমাণ আদালত বাগেরহাট বাজারে মাংস বিক্রেতা আইয়ুব আলীর দোকানে ব্যবহার নিষিদ্ধ পলিথিন পাওয়ায় তাকে তিন হাজার টাকা জরিমানা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২২০৮ ঘ.
bdnews24