সাতক্ষীরা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলায় ২২০ বস্তা ইউরিয়া সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার দুপুরে উপজেলার বাবুলিয়া বাজারে এই সার আটক করা হয়। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
এই তিনজন হলেন- উপজেলার ভাদড়া গ্রামের সার ডিলার কাজী কামরুজ্জামান (৪৫), ট্রাক চালক শহরের লস্করপাড়ার নূর হোসেন (৩৮) এবং সহকারী শহিদুল ইসলাম (২০)।
বিজিবি-৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জি এম খোরশেদ আলম সাংবাদিকদের জানান, আটক এসব সার খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে কালোবাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিলো।
তিনি জানান, সার ডিলার কাজী কামরুজ্জামান কোনো বৈধ কাগজ-পত্র দেখাতে পারেননি।
আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি রতন শেখ জানান, সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খন্দকার মো. রিজাউল করিম থানায় এসে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদেরকে কুশখালি ইউনিয়নের চেয়ারম্যান আবু রায়হানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে তাদেরকে আবার থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে কাগজ-পত্র যাচাই করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১১১ ঘ.
bdnews24