ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর হাতে রুমানা মনজুরের নির্যাতনের ঘটনায় আন্তঃমন্ত্রণালয় প্রতিবাদ সভা করেছেন জনপ্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত মহিলা কর্মকর্তারা।
সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রতিবাদ সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকার সবসময় আন্তরিক। দেশে নারী নির্যাতন প্রতিরোধে পর্যাপ্ত আইন রয়েছে। নির্যাতনকারী যেই হোক শাস্তি পাবেই।
তিনি বলেন, ঘরে নির্যাতিত নারীর সুরক্ষায় 'পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০' পাশ করা হয়েছে। প্রয়োজনে এ জন্য আদালত ও আইনের সহায়তা চাওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুর স্বামীর নির্যাতনের বিরুদ্ধে আইনি সুরক্ষা চাইলে অমানবিক ও পাশবিক নির্যাতনের শিকার হতো না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আকতারী মমতাজ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-প্রধান শিখা সরকার, খাদ্য বিভাগের উপ-সচিব নাসিমা বেগম, দুর্যোগ ও ত্রাণ বিভাগের সিনিয়র সহকারি সচিব সায়লা ফারযানা, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শেখ মোমেনা মনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মুনিমা হাফিজ এতে বক্তব্য দেন।
সভায় নারী নির্যাতন প্রতিরোধে একটি ফোরাম গড়ে তোলাসহ নির্যাতন বিষয়ক আইনের ব্যাপারে তৃণমূল পর্যায়ে প্রচারাভিযান শুরু করার আহ্বান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০১০ ঘ.
bdnews24