কুড়িগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যানকে লাঠিপেটা করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নাগেশ্বরী থানার ওসিসহ ১১ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আসলাম হোসেন সওদাগর বাদী হয়ে নাগেশ্বরীর বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, ওসি মঞ্জুর রহমান, উপ-পরিদর্শক আজিজুর রহমান, রবিউল ইসলাম, সানাউল্লাহ, মুসা, আলমগীর হোসেন, আফজাল হোসেন, বিদ্যুৎ কুমার, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম এবং কনস্টেবল মোকছেদ আলীকে ওই মামলায় আসামি করা হয়।
মামলার কৌসুঁলি অ্যাডভোকেট মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২১ জুন মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আসলাম হোসেনের অভিযোগ, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে ১১ জুনের নির্বাচন বাতিল ও পুননির্বাচনের দাবিতে পরদিন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহফুজার রহমান বাদলের নেতৃত্বে হাজার খানেক মানুষ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে।
এ সময় লোকজন দৌঁড়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে আশ্রয় নিলে সেখানে গিয়েও পুলিশ লাঠিপেটা করে।
উপজেলা চেয়ারম্যান পুলিশকে নিবৃত করতে গেলে তাকেও বেধড়ক পেটানো হয়। পুলিশের লাঠিপেটায় তার মাথা ফেটে যায়। তাকে উদ্ধারের জন্য ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ঘটনাস্থলে গেলে তাকেও লাঠিপেটা করে পুলিশ।
এসময় পুলিশের লাঠিপেটায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মঞ্জু, জাতীয় যুব সমাজকর্মী জাকির হোসেন পাঠানসহ অন্তত ২০জন আহত হয়।
আসলাম হোসেন জানান, ওই ঘটনার পর বিক্ষুব্ধ হাজার হাজার জনতা ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও করলে পুলিশ ও জনতার সংঘর্ষ বেঁধে যায়। এসময় পৌর মেয়র আব্দুর রহমান ও ৮ পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯৪৯ ঘ.
bdnews24